প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৬:৪৩ পিএম আপডেট: ১৮.১০.২০২৫ ৬:৫১ PM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক রহমান সমাজকল্যাণ ফোরামের (জিসফ) আয়োজনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল ফারুক বলেন, “আপনি নাহিদ নন, আপনি এনসিপির নেতা নন, আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা। আপনার প্রতি আমাদের সম্মান থাকবে। তবে এই সম্মান যেন আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করার হাতিয়ার না হয় এই প্রশ্ন যেন জনগণের মাঝে না ওঠে, সেটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “আসুন, আমরা ভাই ভাই হয়ে একসঙ্গে কাজ করি। আমরা সেই জুলাই সনদে অঙ্গীকার করি যেই দলই ক্ষমতায় আসুক, এই সনদের প্রতিটি শব্দ আমরা অক্ষরে অক্ষরে পালন করব।”
বিএনপি-জামায়াতের মধ্যে মতপার্থক্য থাকলেও, সম্প্রতি ঘোষিত ঐকমত্যের সনদে স্বাক্ষরের মাধ্যমে এনসিপি প্রমাণ করেছে যে, তারাও দেশের স্বার্থে একমত হতে পারে এমন মন্তব্য করে জয়নুল ফারুক বলেন, “১৬ বছরের শাসক হাসিনার অন্যায় ও স্বৈরাচারী কার্যকলাপের বিরুদ্ধে আপনারা অবস্থান নিয়েছেন বলেই বৃষ্টিভেজা হাতে ঐ সনদে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে আপনারা দেখিয়েছেন, আপনারাও বাংলাদেশকে ভালোবাসেন।”
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জিসফ-এর সভাপতি মনজুর রহমান ভূঁইয়া।
স্বদেশ প্রতিদিন/কেআইকে