প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১:৫০ পিএম

দেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সংক্রান্ত বিজ্ঞাপন ও প্রচারণা অব্যাহত রয়েছে। এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর লঙ্ঘন হওয়ায় এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
এবার বিষয়টি নিয়ে নতুন করে নির্দেশনা জারি করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
শনিবার (১৮ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, আগামী ১৯ অক্টোবর (রোববার) থেকে অনলাইন পত্রিকা, নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা যেকোনো ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কোনো কনটেন্ট প্রচারিত হলে, বিনা নোটিশেই সাইটটি ব্লক করে দেওয়া হবে।
সরকারের এই সিদ্ধান্তের পরপরই দেশের বেশ কিছু পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল তাদের গুগল অ্যাডসেন্স নীতিমালা পরিবর্তন করেছে। এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে মন্ত্রণালয়।
নির্দেশনায় আরও বলা হয়, দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে সরকার সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এ কার্যক্রম বাস্তবায়নে একাধিক সংস্থা যৌথভাবে কাজ করছে।
সংস্থাগুলো হলো, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
স্বদেশ প্রতিদিন/কেআইকে