প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:১১ AM আপডেট: ১৭.১০.২০২৫ ১২:১৫ এএম

আসন্ন জাতীয় জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে কমিশনের পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।
আমন্ত্রণপত্রটি খালেদা জিয়ার হাতে পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।
গত বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে খালেদা জিয়া চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কমিশনের প্রতিনিধিরা বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে বিএনপি নেত্রী ও তারেক রহমানের হাতে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেন।
হাসপাতালের শয্যায় বসে খালেদা জিয়া দাওয়াতপত্রটি মনোযোগ সহকারে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত “জাতীয় জুলাই সনদ ২০২৫”-এর স্বাক্ষর অনুষ্ঠান। আয়োজনে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ