প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:২০ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতিলতা বর্মনের সঙ্গে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন ‘ইছামতী হল রুম’-এ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও প্রীতিলতা বর্মন বলেন, “সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। ধুনটের সার্বিক উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণকে নিয়ে একসাথে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন।”
সভায় ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান বলেন, “সাংবাদিক সমাজ ধুনটের গঠনমূলক উন্নয়নে সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। ইউএনও মহোদয়ের নেতৃত্বে ধুনটে স্বচ্ছতা ও জবাবদিহিতার ধারা আরও বেগবান হবে এটাই প্রত্যাশা। তবে এর জন্য গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা জরুরি। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে ধুনটকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফি, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম , ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম, গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ, উপজেলা ছাত্র দল নেতা জিন্নাহুর রহমান রাকিব, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সজীব আহম্মেদ প্রমুখ ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে