প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪২ পিএম

নরসিংদী সরকারি কলেজে ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
নরসিংদীতে প্রায় ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালে এইচএসসি পাস করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ফখরুদ্দিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ জেলার বিশিষ্ট শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
নিজ প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হয়ে আনন্দিত শিক্ষার্থীরা জানান, এমন আয়োজন তাদের আরও অনুপ্রাণিত করবে ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের পথে এগিয়ে যেতে।
বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের শিক্ষার্থীরা সবখানে সুনামের সঙ্গে কাজ করবে, এটাই প্রত্যাশা। যে অবস্থাতেই থাকুক, পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হলে কর্মসংস্থানও বাড়বে, অর্থনীতিও সমৃদ্ধ হবে।”
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, “আজ ২৫০ জন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা পেয়েছে, এখানে যেন চাঁদের হাট বসেছে। এই আয়োজন বিদায়ী শিক্ষার্থীদের নতুন পথে সাহস যোগাবে এবং নবীনদের অনুপ্রাণিত করবে আরও ভালো করতে।”