প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ পিএম

ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয়, তাহলে ইসরায়েলকে গাজায় নতুন অভিযান পরিচালনা করতে দেওয়া হবে।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “হামাস নিরস্ত্র হতে অস্বীকার করলে আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে। ইচ্ছা হলে তারা ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারে। আমি-ই ওদের এখন পর্যন্ত থামিয়ে রেখেছি।”
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, বর্তমানে জীবিত ২০ জন ইসরায়েলি বন্দির মুক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে তিনি জোর দিয়ে বলেন, হামাসকে প্রতিশ্রুতি অনুযায়ী নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে।
এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে তারা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দিকে হস্তান্তর করেছে এবং উদ্ধার করা সম্ভব কয়েকটি মরদেহও দিয়েছে। হামাস বলেছে বাকি মরদেহগুলো উদ্ধার করতে ‘বিশেষ সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টা প্রয়োজন’ এবং তারা এই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাম্পের একদিন আগে গাজা বিষয়ক দ্বিতীয় ধাপের ঘোষণা আসে; প্রথম ধাপে ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর তিনি দ্বিতীয় ধাপ শুরুর কথা ঘোষণা করেন। তিনি বলেন, “২০ জন জিম্মি ফিরে এসেছেন এবং তারা যতটা সম্ভব ভালো বোধ করছে। একটি বড় বোঝা উঠে গেছে, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী সব মরদেহ ফেরত দেওয়া হয়নি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে