জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিরপুরের রূপনগরে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে এক লাখ টাকা করে দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জন নিহত এবং আহত হয়েছেন তিনজন।
অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে নিহত হয়েছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, “হঠাৎ আগুনের কারণে তারা ভেতরে আটকা পড়ে যায়। যারা হতাহত হয়েছেন, তারা সবাই গরিব অসহায়। তারা পেটের দায়ে এখানে কাজ করতে এসেছিলেন। একদিকে পরিবারের অস্বচ্ছলতা, আরেকদিকে এই সময় পরিবার ছেড়ে দুনিয়া থেকে চলে যাওয়া। ব্যথাটা তারা যতটা অনুভব করতে পারবে, আমরা হাজার চেষ্টা করেও তা অনুভব করতে পারব না।”
যারা মারা গেছেন আপাতত তাদের মাথাপিছু ১ লাখ টাকা পৌঁছে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “এই দুর্ঘটনার আদ্যোপান্ত বের করতে হবে। কারো গাফিলতি রয়েছে কি না দেখতে হবে। আর্থিক সহযোগিতা দিতে হবে। জামায়াত যতটুকু সম্ভব তাদের পাশে থাকবে।”
এছাড়াও, অগ্নিকাণ্ডের পেছনে যাদের গাফিলতি রয়েছে, তাদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান জামায়াত আমির।