ঢাকায় মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা, সোয়াট-বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট মোতায়েন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১২:০২ পিএম

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই জোরদার করা হয়েছে। দূতাবাসটিকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নেওয়া হয়েছে, যেখানে ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) বিশেষায়িত সোয়াট টিম ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পর্যন্ত মোতায়েন করা হয়েছে।
রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত দূতাবাসে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট, পুলিশের অতিরিক্ত সদস্য এবং গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ সোমবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের নিয়মিত নিরাপত্তা তদারকি। মাঝে মাঝে মনে হলে নিরাপত্তা জোরদার করি।’
তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো কিছু তথ্য পেয়েছে। সন্দেহভাজন তিন ব্যক্তির নাম, পরিচয় ও ছবি যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে, যাদের সবাই বাংলাদেশি নাগরিক।
সূত্র মতে, সন্দেহভাজন ওই তিনজন দূতাবাসে হামলার ছক কষছে- এমন তথ্য পাওয়ার পর দূতাবাস কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে ডিএমপিকে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানায়। এরপরই একাধিক বাহিনী নিয়ে মার্কিন দূতাবাস এলাকায় তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাত ৯টার পর থেকে বারিধারা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। বিশেষ করে দূতাবাসের আশপাশে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও অবস্থান নিয়েছেন।
পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), কূটনৈতিক সুরক্ষা বিভাগ এবং সিটিটিসির কর্মকর্তারা দূতাবাসে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
ডিএমপি সূত্র জানায়, এই তিনজন সন্দেহভাজনের বিষয়ে তদন্ত চলছে। তাদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের গ্রেপ্তারের বিষয়ে কিছু জানানো হয়নি।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মার্কিন দূতাবাসের চারপাশে যান চলাচলেও কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে থাকলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্বদেশ প্রতিদিন/এমএম