প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৩ AM

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি বাস্তব এবং যুগান্তকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করে বলেন, ‘দেশে ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে।’ তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী শাসনামলের নির্বাচনগুলো ছিল শাসক দলের সাজানো।’
সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ডব্লিউএফএফ-এর অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে কপ৩০ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালে তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না।
এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে গভীর সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে ফেব্রুয়ারির মধ্যে সফর করার ইচ্ছা প্রকাশ করেন। এবং তিনি মনে করেন যে এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।
স্বদেশ প্রতিদিন/এমএম