প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:২১ পিএম আপডেট: ১৩.১০.২০২৫ ২:২৬ PM

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) ভোররাতে মীরসরাই থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বড়তাকিয়া অর্থনৈতিক অঞ্চল মোড়ে মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’ নামের একটি বাস আটক করা হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশে থাকা একটি বক্স থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চালকের নাম রুবেল বেপারী (৩৭)। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বাসিন্দা। আর সুপারভাইজার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার বাসিন্দা।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন। উদ্ধার হওয়া ইয়াবা এবং বাসটি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম