প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৪:৪৩ AM

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলমান বাস ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। ফলে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে যথারীতি সব রুটে বাস চলাচল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রোববার (১২ অক্টোবর) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী আল নূর আয়াস বলেন, “আমরা আগেই বলেছিলাম, জনভোগান্তি ঠেকাতে বাস চালানো উচিত। শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় সেটা ভালো হয়েছে।”
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম জানান, সোমবার সকাল থেকে সব বাস চলবে। পাশাপাশি বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো হবে।
বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে দাবি ছিল, জুলাই অভ্যুত্থানে শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহ-সভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস চলাচল থেকে বিরত রাখা হোক।
তবে পরিবহন মালিকপক্ষ সেই দাবি আমলে না নিয়ে সব বাস চলাচলের পক্ষে সিদ্ধান্ত নিয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে