প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:২০ পিএম

রাজধানীর গুলশান থানায় চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে গ্রেফতার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনকে কারণ দর্শানোর নোটিশ করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
রোববার (১২ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে, শুক্রবার রাতে চাঁদাবাজি ও অপহরণের মামলায় তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এর পর গতকাল শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে এ মামলায় জামিন পান তিনি।
পরবর্তীতে, রবিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, আপনি (নাছির) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন আছেন। সম্প্রতি আপনার বিষয়ে গণমাধ্যমে সাংগঠনিক নীতি ও শৃঙ্খলা ভঙের অভিযোগ উত্থাপিত হয়েছে।
তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে আপনাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
স্বদেশ প্রতিদিন/ আরএফ