প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ভোটগ্রহণ শেষে ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এই তথ্য জানান।
তিনি বলেন, “রাকসু নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। আমাদের লজিস্টিক টিম অত্যন্ত দক্ষ, তাই ভোট শেষ হওয়ার ১২ থেকে সর্বোচ্চ ১৫ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব। ফল প্রকাশে দুই-তিন দিন সময় লাগবে না।”
উপাচার্য আরও বলেন, “আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন আয়োজনের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, প্রার্থী ও সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছেন। এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ