প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:১০ AM

কুয়াশার চাদরে মোড়া তেঁতুলিয়া
উত্তরের হিমকন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নামতে শুরু করেছে শীত। শরতের বিদায়লগ্নে হেমন্তের আগমনে দিতে শুরু করেছে শীতের পরশ। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার প্রকৃতিতে বইছে শীতের ছোঁয়া।
আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই কুয়াশার চাদর। এতে শহর ও গ্রামীণ জনপদের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। দিনের তাপমাত্রায় গরম অনুভূত হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে শীতল হয়ে উঠছে পরিবেশ। পাতলা কাঁথা বা কম্বল নিতে শুরু করেছেন উত্তরের জেলা পঞ্চগড়ের অনেকেই, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভোরে বেশ কুয়াশা পড়তে দেখা গেছে। আশ্বিন মাস বিদায়ের পথে। কার্তিক পড়তেই শুরু হয় শীতের আমেজ। এখন আর রাতে ফ্যান চালানো যাচ্ছে না। রাতে কাঁথা বা পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। ভোর পর্যন্ত শীতের পরশ অনুভূত হচ্ছে। তবে ঘন কুয়াশা ও তীব্র শীত আসতে এখনও কিছুটা সময় বাকি।
জানা যায়, ভৌগোলিক অবস্থানগত কারণে এলাকাটির নিকটস্থ পৃথিবীর দুটি সুউচ্চ পর্বতমালা—হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা। বরফের পাহাড় বলেও পরিচিত এই পর্বতযুগল। এ কারণে পাহাড়ি হিমেল হাওয়ায় শীতকালে নেমে যায় তাপমাত্রার পারদ। ফলে এ অঞ্চলে বছরের গরমের তুলনায় শীতের আমেজ বেশি থাকে। আশ্বিনের বিদায়ের মধ্য দিয়ে কার্তিকেই শুরু হয় শীতের আগমনী বার্তা।
আবহাওয়াবিদদের মতে, উত্তর গোলার্ধ থেকে আসা শীত বাংলাদেশে সরাসরি প্রবেশ করতে পারে না। হিমালয় থেকে আসা বায়ুর একটি অংশ কাশ্মীর, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের একাংশ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। গরমের দিনে দিল্লির তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে কমতে বাংলাদেশে পৌঁছায়। আবার শীতকালে দিল্লির তীব্র শীত ধীরে ধীরে প্রশমিত হয়ে বাংলাদেশে আসে। ভৌগোলিক অবস্থানের কারণেই দেশের মৌলভীবাজার, চুয়াডাঙ্গা ও পঞ্চগড়, এই তিন জেলায় শীত বেশি হয়ে থাকে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তার কারণে কুয়াশা দেখা দিচ্ছে। এটি বেশি সময় থাকে না। তবে শীত পড়তে শুরু করেছে। দেশের অন্যান্য জেলার আগেই এ জেলায় শীতের আগমন ঘটে। আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর ভোর ৬টায় ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে শীতের আগমনী বার্তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বলে জানান তিনি।