প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:০৮ পিএম আপডেট: ১০.১০.২০২৫ ১১:৩৩ PM

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে আয়েশা সিদ্দিকা এলি মণি (১১) নামের এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ কাকারা ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত এলি ওই এলাকার মনছুর আলমের মেয়ে ও দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার দৈনিক স্বদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এলি কয়েকজন সহপাঠীর সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল। এ সময় পানির স্রোতে সে ভেসে যায়। স্বজন ও স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করলেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ চেষ্টা চালিয়ে শুক্রবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে।
কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নিখোঁজের পর স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসও নিরলসভাবে উদ্ধার কাজে অংশ নেয়। প্রায় ২১ ঘণ্টা পর নদী থেকে মরদেহটি উদ্ধার সম্ভব হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম