প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:০৩ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক মুক্তিযোদ্ধার বাগান থেকে শতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দুর্বৃত্তচক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম পূর্ব বৈলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাগানটি মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের মালিকানাধীন বলে দাবি করেছেন তার স্বজনরা।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে বাগানে ঢুকে একে একে শতাধিক গাছ কেটে ফেলে। স্থানীয়রা বাধা দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি ঘটনাস্থলে গেলেও গাছ কাটা ও লুট ঠেকানো হয়নি।
মুক্তিযোদ্ধা আবদুল মান্নানের ভাতিজা বোরহান উদ্দিন বলেন, “আমার চাচার পরিবার বর্তমানে এলাকায় থাকেন না। এই সুযোগে স্থানীয় সন্ত্রাসী মিজান ও কামালের নেতৃত্বে একটি চক্র গাছ কেটে নিয়ে যায়। আমরা পুলিশকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরং পুলিশের সামনেই ভ্যান ও ট্রাকে করে গাছ নিয়ে চলে যায় তারা।”
অন্যদিকে অভিযুক্ত মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, “এই জমির মালিক আবদুল মান্নান নন। জমির প্রকৃত মালিক কৃষক কামাল ও হারুন। তারা নিজেদের জমির গাছ কেটেছেন। একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে বাধা দিয়ে বিষয়টিকে রাজনৈতিক রঙ দিতে চাইছে।”
এ বিষয়ে রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি বলেন, “গাছ কাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। তবে সেখানে আমাদের তুলনায় লোকসংখ্যা বেশি ছিল। তাই গাছ কাটা থামানো সম্ভব হয়নি। বর্তমানে গাছ কাটা বন্ধ রয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে