রাজধানীর শাহবাগ থানাধীন তিনটি পৃথক এলাকা থেকে এক রাতে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে একজন নারী এবং বাকি দু’জন পুরুষ। তবে এখনো কারো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক গণমাধ্যমকে বলেন, “রাত ৯টা থেকে ১২টার মধ্যে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।”
য়েভাবে মিলল ৩ মরদেহের সন্ধান, রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আইল্যান্ডের ওপর পড়ে থাকা অবস্থায় আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঢামেকে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ১০টায় জাতীয় ঈদগাহ মাঠ সংলগ্ন হাইকোর্ট এলাকায় ফুটপাতে পড়ে থাকা অবস্থায় ৪০ বছর বয়সী এক পুরুষকে উদ্ধার করা হয়। ঢামেকে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করা হয়।
রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার ফুটপাত থেকে আরেকজন (প্রায় ৪০ বছর বয়সী) পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তাকেও হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে