প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:১০ AM

সংগৃহীত ছবি
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে পর পর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমটি ছিল ৭ দশমিক ৬ মাত্রার এবং দ্বিতীয়টি ৭ দশমিক ২ মাত্রার। ভূমিকম্পের পরই ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ও প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র সুনামি সতর্কতা জারি করেছে।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে সাগরের ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ১০ ফুট পর্যন্ত উঠতে পারে। এছাড়া প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউতেও সুনামির প্রভাব পড়তে পারে, যেখানে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুট পর্যন্ত হতে পারে।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। কিছুক্ষণ পরই দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিন্দানাওয়ের মানায় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে। রাজধানী দাভাও থেকে এর দূরত্ব ছিল প্রায় ১২৩ কিলোমিটার।
ভূমিকম্পের পর পরই মিন্দানাও অঞ্চলে একাধিক আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬ পর্যন্ত।
দাভাওয়ের গভর্নর এডউইন জুবাহিব জানিয়েছেন, “ভূমিকম্প দুটি খুবই শক্তিশালী ছিল। এতে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।”