প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:০২ পিএম

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জারি করা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় অভিযানে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) চরফ্যাশনের বিভিন্ন নদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে পুলিশ ও কোস্টগার্ড।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে ১৩ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে একজনকে ৭ দিনের কারাদণ্ড, তিনজনকে নিয়মিত মামলায় জেলহাজতে প্রেরণ এবং বাকি নয়জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, জব্দ করা ২৫ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং উদ্ধারকৃত ২০ কেজি ইলিশ স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের উপকূলীয় নদ-নদীতে সব ধরনের ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
স্বদেশ প্রতিদিন/এমএম