প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:০৫ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৪:১৯ PM

নওগাঁর পোরশায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর আমবাগান থেকে উদ্ধার হলো ৯ বছর বয়সী শিশু সুমাইয়া খাতুনের নিথর দেহ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ছাওড় ইউনিয়নের কুশারপাড়া (চককিত্তলি) গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া একই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মক্তবে পড়ত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মক্তব থেকে পড়ে এসে সাড়ে ৮টার দিকে সুমাইয়া বই রেখে বাইরে খেলতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তার মা ও খালা তাকে খুঁজে না পেয়ে আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে পাশের হিরাডাংগা গ্রামের অনিলের স্ত্রী সেফালী খেত থেকে ঘাস কাটতে গিয়ে কুশারপাড়া গ্রামের এক আমবাগানে সুমাইয়ার মরদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের পর লাশ থানায় নেওয়া হবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম