প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:৩৭ পিএম

কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের একটি অরক্ষিত পানির হাউজে পড়ে গিয়ে শামীম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শামীম চিলমারীর রমনা মডেল ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রুকনুজ্জামান স্বপন জানান, নদীবন্দরের একটি নির্মাণাধীন অংশে থাকা হাউজটি ছিল খোলা অবস্থায়। সেখানে আগেও দুই শিশু পড়ে গিয়েছিল, যদিও তারা বেঁচে গিয়েছিল। এরপরও বারবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি খেলতে খেলতে হাউজের দিকে গেলে অসাবধানতাবশত পড়ে যায়। হাউজে পানি জমে ছিল, সেখানেই শিশুটি ডুবে মারা যায়।
চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির বলেন, ‘মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরিবার যদি অভিযোগ করে, তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। অব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্বদেশ প্রতিদিন/এমএম