প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:০৭ পিএম

সংগৃহীত ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়তে কারো উপর নির্ভরশীল নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বনির্ভর হওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
আজ বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ তাগিদ দেন।
বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের আইসিটি খাতে প্রচুর চাকরির সুযোগ তৈরি হচ্ছে এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
শফিকুল আলম আরও বলেন, বিগত সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংকিং খাত এখনও পুরোপুরি সুস্থ নয়। এছাড়া বিভিন্ন দেশের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে, যা সমাধানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
শিক্ষার ক্ষেত্রে তিনি উল্লেখ করেন, দেশে অনেক বিএবি এ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা বাজারে অতিরিক্ত। তাই বিজ্ঞানভিত্তিক গ্র্যাজুয়েশন বাড়ানো জরুরি। এ বিষয়ে সকলের মতামত গ্রহণ করা হয়েছে।
অর্থনীতির বিষয়ে শফিকুল আলম জানান, ইসলামি ক্যাটাগরির পাঁচটি ব্যাংক শিগগিরই একীভূত হবে এবং সরকার ক্যাশলেস লেনদেন বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়া দেশের ৯টি রেজিম কোম্পানি দ্রুত অবসায়নের পথে নেওয়া হবে।