প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ২:৩২ পিএম

‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গণ উন্নয়ন কেন্দ্র, মান্দা শাখার সহযোগিতায় এ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘কন্যা শিশু সমাজের বোঝা নয়। তারা পুরুষদের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করতে হবে।’
আলোচনায় আরও উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, তথ্য আপা সিরাজুম মুনিরা, গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক সাদ্দাম হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তর-সমর্থিত পাঁচটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো- সূর্য সেনা ফোরাম, মেহনতী ফোরাম, শান্তি ফোরাম, ইছামতি ফোরাম এবং বন্ধু মহিলা উন্নয়ন সংস্থা।
স্বদেশ প্রতিদিন/এমএম