প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:১৪ AM

ফাইল ছবি
চট্টগ্রামের মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন বিএনপির এক কর্মী আবদুল হাকিম চৌধুরী (৫০)। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাউজান থেকে প্রাইভেট কারযোগে চট্টগ্রাম শহরে আসছিলেন হাকিম চৌধুরী। মদুনাঘাটে পৌঁছালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে গুলি চালায়। তার বুক, পেটসহ শরীরে পাঁচটি গুলি লাগে। দ্রুত কাছের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল হাকিম চৌধুরী রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দ। তিনি স্থানীয়ভাবে পরিচিত হামিম এগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী ছিলেন। রাজনীতিতে তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
গিয়াস কাদেরের অনুসারীরা দাবি করেছেন, হাকিম চৌধুরীকে পরিকল্পিতভাবে টার্গেট কিলিংয়ের শিকার করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এক নেতা জানান, মঙ্গলবার মাগরিবের ১০-১৫ মিনিট আগে হাকিম চৌধুরী প্রাইভেট গাড়িতে চট্টগ্রাম নগরে আসছিলেন। হালদা নদী পার হয়ে মদুনাঘাট এলাকায় প্রবেশ করলে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি চালায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।
গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে সহিংসতা বেড়েছে। এ সময়ের মধ্যে বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় দেড় ডজন নেতা-কর্মী খুন হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো