প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পিএম

যশোর সদর উপজেলার পৃথক তিনটি স্থানে পানিতে ডুবে তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সাতমাইল, ইসলামপুর ও দোগাছিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহত শিশুদের মধ্যে রয়েছে, সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)।
নিহত আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো আপন মায়ের সঙ্গে সাতমাইল গ্রামে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। দুপুর ১২টার দিকে আপন তার খালাতো ভাই মুজাহিদের সঙ্গে বাড়ির পাশের লাউখালি বাওড়ে মাছ ধরতে নামে। একপর্যায়ে দুজনেই পানিতে ডুবে যায়। স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, “শিশুদের হাসপাতালে আনার আগেই তারা মারা যায়। মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।”
অন্যদিকে, নিহত তাওহীদ হাসানের নানা তরফ আলী জানান, তার জামাই ও মেয়ে তার বাড়িতেই বসবাস করেন। সকালে পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তাওহীদ। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে