প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ২:৪৬ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ২:৪৭ PM

ফেনীর সোনাগাজীতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও তার পরিবারের সদস্যদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি ওয়াকিটকি ও একটি শটগান ছিনিয়ে নেয় হামলাকারীরা।
সোমবার (৭ অক্টোবর) ভোরে আনুমানিক ৫টার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
সোনাগাজী থানার এএসআই সাইদুর রহমান ও এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাতে মোবাইল ডিউটির সময় জিআর ৮৫/২৫ মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে গ্রেফতারের জন্য তাদের বাড়িতে অভিযান চালান।
গ্রেফতারের সময় আসামিরা ও তাদের পরিবারের সদস্যরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা আহত হন এবং পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশের একটি দল নিয়ে অভিযান চালান।
অভিযানের এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে আসামি জাহেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, ধৃত রিপনের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি ও অস্ত্র আইনে মোট ৯টি মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।’
পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
স্বদেশ প্রতিদিন/এমএম