প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে গৃহস্থালি ও দোকানের ময়লা-আবর্জনার স্তূপ ফেলে তা ডাস্টবিনে পরিণত করার অভিযোগ উঠেছে। এতে খেলার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণের ঝুঁকি দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
প্রায় এক একর আয়তনের এই মাঠটি ভবেরচর কলিমউল্লাহ কলেজ সংলগ্ন সড়ক ঘেঁষা।
এলাকাবাসীরা জানান, প্রতিদিনই স্থানীয় কিছু বাসিন্দা ও দোকানদার পলিথিন ব্যাগে করে বাসা-বাড়ি ও দোকানের ময়লা ফেলে যান মাঠটির একপাশে। এর ফলে মাঠজুড়ে ছড়াচ্ছে দুর্গন্ধ, জমছে ময়লার স্তূপ। এতে যেমন খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে, তেমনি বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে।
পথচারীরা জানান, মাঠের পাশ দিয়ে হাঁটার সময় তারা নাক চেপে চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। জনবহুল এলাকা হওয়ায় বিষয়টি এখন জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গাফফার বলেন, “আমাদের শিক্ষক-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে বারবার ময়লা না ফেলার অনুরোধ করলেও কেউ শোনে না। মাঠটি স্কুল ভবন থেকে কিছুটা দূরে হওয়ায় নিয়মিত নজরদারিও সম্ভব হয় না।”
স্থানীয় তরুণ সুমন কিবরিয়া বলেন, “এলাকার একমাত্র খেলার মাঠ এটি। প্রতিদিন বিকালে বিভিন্ন বয়সী খেলোয়াড়রা এখানে খেলতে আসে। কিন্তু এখন মাঠের একটি অংশে ময়লা ফেলার কারণে খেলাধুলা করা যাচ্ছে না। মশা, মাছি আর দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।”
এলাকাবাসীরা জানান, তারা বহুবার স্থানীয়ভাবে নিষেধ করা সত্ত্বেও কিছু মানুষ নিয়মিত ময়লা ফেলে যাচ্ছেন। তারা অভিযোগ করেন, মাঠটি এখন একটি খোলা ডাস্টবিনে পরিণত হয়েছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে সমস্যা আরও বাড়বে।
এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় কর্তৃপক্ষকে মাঠ সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে