প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ, যা আগের মাস আগস্টে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতিতে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে বছরওয়ারি হিসাবে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে এই হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অপরদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
গত বছরের একই সময়ে খাদ্যখাতে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ছিল ৯ দশমিক ৫০ শতাংশ। তুলনামূলকভাবে এবছর কিছুটা কম থাকলেও স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, খাদ্যপণ্যের দামে তুলনামূলক স্থিতি থাকলেও বাসাভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যয়ের ঊর্ধ্বগতি সামগ্রিক মূল্যস্ফীতিকে প্রভাবিত করছে। পাশাপাশি, ডলারের বিনিময় হারের বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপও মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে