প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:৩৬ পিএম

প্রতীকী ছবি
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এখন রমজান শুরুর বাকি রয়েছে ১৩৯ দিন। সেই হিসেবে আগামী বছর রমজান মাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
আমিরাত জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ইউএই সময় অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেল ৪টা ১ মিনিটে রমজানের নতুন চাঁদ দেখা যাবে। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে, ফলে তা দেখা সম্ভব হবে না। সেই কারণে রোজা শুরুর সম্ভাব্য দিন ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে চাঁদ দেখা কমিটি।
তিনি আরও বলেন, রমজানের শুরুতে আবুধাবিতে দৈনিক রোজার সময় হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪৬ মিনিট, যা মাস শেষে বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। একই সময়ে দিনের আলোর দৈর্ঘ্যও ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে বেড়ে ১২ ঘণ্টা ১২ মিনিটে উন্নীত হবে।
আল জারওয়ানের মতে, রমজানের শুরুতে আবুধাবির তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা মাসের শেষ দিকে বেড়ে দাঁড়াবে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। শুরুতে উত্তর দিকের শীতল বাতাস বইবে, তবে শেষদিকে বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাসের প্রভাব বৃদ্ধি পাবে।
তিনি আরও সতর্ক করেন, রমজানজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি গড় হিসেবে এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটারেরও বেশি হতে পারে বলে জানান তিনি।
সূত্র: গালফ নিউজ
স্বদেশ প্রতিদিন/শাহো