প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:১৬ পিএম

আজ শনিবার (৪ অক্টোবর) সারা দেশে ধর্মীয় শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। বিশ্বব্যাপী মুসলমানদের কাছে দিনটি ইসলাম প্রচারক ও মহান সাধক গাউসুল আযম হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে পরিচিত।
হিজরি ৫৬১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তাঁর স্মরণে হিজরি বর্ষপঞ্জির রবিউস সানি মাসের ১১ তারিখকে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পালন করা হয়। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ ‘এগারো’ এ থেকেই দিবসটির নামকরণ।
হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ এবং মাতা ছিলেন বিবি ফাতেমা। জ্ঞান ও আধ্যাত্মিকতায় তিনি ছিলেন অতুলনীয়। বাগদাদের প্রখ্যাত পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছ থেকে মারেফাতের জ্ঞান অর্জন করে খেলাফত লাভ করেন।
তাঁর অবদান মুসলিম সমাজে অমূল্য ও অনন্য। বিশেষ করে ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিকতা চর্চায় তাঁর প্রভাব আজও বিস্তৃত। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় মিলাদ মাহফিল, দোয়া-মোনাজাত এবং হজরতের জীবন ও শিক্ষার ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
এই দিনটি মুসলিমদের জন্য আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্যপূর্ণ এক স্মরণ দিবস হিসেবে বিবেচিত হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে