প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ২:১১ AM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, পিআরসহ কিছু অযৌক্তিক দাবির মাধ্যমে একটি ধর্ম ব্যবসায়ী দল নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, দলটি মুখে যা বলছে, বাস্তবে তার বিপরীত কাজ করছে এবং তৎপরতার সঙ্গে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছে।
শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাসভবনের উঠোন বৈঠকে মির্জা আব্বাস বলেন, “কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ওই দলটি দেশের প্রশাসন দখল করেছে। স্কুল-কলেজ, সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ-মাদ্রাসা পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ রয়েছে।”
এসময় তিনি আরও উল্লেখ করেন, জনগণ সচেতন থাকলে কোনো ধরনের প্ররোচনা বা বিভ্রান্তিতে পতিত হবে না। তিনি নির্বাচনী স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ