প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:০৩ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যুতে শোক নেমে এসেছে ক্যাম্পাসে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে খিঁচুনি ও হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। তাকে দ্রুত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়। ছাত্ররাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা এই ছাত্রনেতার অকাল মৃত্যুতে সহপাঠী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে বিশ্ববিদ্যালয়সংলগ্ন হোটেল স্টার কাবাবে বসেছিলেন হাসিবুর। হঠাৎ খিঁচুনি ওঠে ও তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত হাসপাতালে নিলেও আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, “আমরা একসঙ্গে বসে ছিলাম। হঠাৎ হাসিবুর বুকে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
হাসিবুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ১২টায় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধারা প্রয়াত এই ছাত্রনেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ