প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:০০ পিএম

রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে একজন ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারিয়া আক্তার তমার পক্ষে লড়াই করার কথা জানিয়েছেন বিএনপির পদ স্থগিত থাকা নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, ‘যেই মেয়ে আমার বাড়ির সামনে বলছে ‘ফজু পাগলা, গ্রেপ্তার না হলে যাব না’, সেই মেয়ে এখন চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে। আমাকে তাকে ছাড়াতে হবে, আমি তার পক্ষে কোর্টে দাঁড়াব।’
তিনি আরও বলেন, ‘আমি তাদের ছাড়াব কেন? এরা আমার মেয়েরা। জামায়াত তাদের নষ্ট করছে, আমাকে ঠিক করতে হবে। আমি দেশের ভালো চাই, এদের ভালো করতে চাই।’
অন্যদিকে ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা আমাকে যে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।
তিনি দেশ ও মুক্তিযুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধ নিয়ে এখন কথিত ‘ভাই ভাইয়ে ঝগড়া’ বলা হচ্ছে, যা একপ্রকার নিমকহারামি। যেমন কারবালার ইতিহাস কখনো মুছে ফেলা যায়নি, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও চিরস্মরণীয় থাকবে।’
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেওয়ার জেরে ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে গত ২৫ আগস্ট অবস্থান নেন একদল ব্যক্তি। এ সময় তাদের সঙ্গে ছিলেন ফারিয়া। সে সময় তিনি ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দেন।
স্বদেশ প্রতিদিন/এমএম