প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৫:০১ AM আপডেট: ০৩.১০.২০২৫ ৫:০৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক এবং আধিপত্য-আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার বাতিঘর। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আবরার যে প্রতিবাদের পথ দেখিয়েছেন, তারই ধারাবাহিকতায় জুলাইয়ে বিপ্লব হয়েছে। আবরারের চেতনা ও আকাঙ্ক্ষাই প্রতিটি ক্যাম্পাসে গণজাগরণ সৃষ্টি করেছে। গত ১৬ বছরে ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার কেড়ে নিয়ে ক্যাম্পাসে সন্ত্রাস চালিয়েছে, অথচ আবরার সেই নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।
ভিপি সাদিক আরও বলেন, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক আধিপত্যের মধ্যেও আবরার প্রতিবাদ করেছিলেন। তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি ঘোষণা দেন, ৭ অক্টোবরকে ‘আগ্রাসন বিরোধী দিবস’ হিসেবে ডাকসুর পক্ষ থেকে পালন করা হবে এবং এ দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি শহীদদের স্বপ্ন যথাযথভাবে বাস্তবায়ন না করে, তবে তাদেরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ