প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:২৯ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৯:৫৯ PM

সংগৃহীত ছবি
ইসরায়েলের অবরোধ অমান্য করে গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌবহরে যুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে তিনি এ মানবিক অভিযানের সঙ্গে রয়েছেন।
ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে জন্ম নেওয়া রুহি বর্তমানে এলসউইক ওয়ার্ডে বসবাস করেন। তার পিতা কাপ্তান মিয়া যুক্তরাজ্যে বসবাসরত একজন বাংলাদেশি। রুহি একজন মানবিক সহায়তা কর্মী ও অধিকারকর্মী হিসেবে পরিচিত।
ফেসবুকে বুধবার (১ অক্টোবর) দেওয়া এক পোস্টে রুহি জানান, তিনি নৌবহরের অন্যান্য জাহাজের ঠিক পেছনে থাকা ‘সামারটাইম জং’ নামের জাহাজে অবস্থান করছেন। তিনি লিখেছেন, “চরম অনিশ্চয়তার মধ্যেও আমরা দৃঢ় প্রত্যয় ও আশার সঙ্গে এগিয়ে যাচ্ছি। গাজার উদ্দেশ্যে পৌঁছানোর এটাই শেষ চেষ্টা।”
রুহি লোরেন আখতার ‘রিফিউজি বিরিয়ানি অ্যান্ড ব্যানানাস’ (আরবিবি) নামের একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা। যুদ্ধ ও সংঘাতপীড়িত বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য, স্বাস্থ্যসামগ্রী, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে এ সংস্থা। বর্তমানে সংগঠনটির কার্যক্রম গাজা ও গ্রিসে চলছে। মানবিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডে ২০২৫ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ উদ্যোগে এবার প্রায় ৪৪ দেশের ৫০০ মানুষ অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের নাগরিক, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/শাহো