প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:৫৫ পিএম

হিন্দু ভাইয়ের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, মুসলমান ভাইয়ের শরীরেও সেই একই রক্ত প্রবাহিত হয়। আলাদা করে দেখাতে গেলে বিশ্বের বড় বিজ্ঞানীর পক্ষেও সম্ভব হবে না। তাহলে আমাদের মধ্যে বিভেদের জায়গা কোথায়? এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
আজ বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ও বড়কান্দা পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন কুমিল্লা বিভাগের প্রতিটি পূজামণ্ডপে গিয়ে খোঁজখবর নিতে। আমাদের হিন্দু ভাইয়েরা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। যার যার ধর্ম সে শান্তিপূর্ণভাবে পালন করবে এটাই বিএনপির মূলনীতি।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছরে অনেক হিন্দু পরিবারের সহায়-সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠান অন্যরা অন্যায়ভাবে দখল করে নিয়েছে। এমন কোনো অভিযোগ থাকলে আমাদের জানাতে হবে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।”
এদিন ভাওরখোলা ও বড়কান্দা পূজামণ্ডপসহ মোট ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে তিনি প্রতিটি পূজামণ্ডপে অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।