প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৭:২৪ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি আলুবোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাকচালক নিহত হয়েছেন।
আজ বুধবার (১ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইদ্রিস মহাজন (৪৮) ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার সুলতান মহাজনের ছেলে।
মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার হায়াতুন নবী বলেন, “বুধবার ভোরে উপজেলার কমলদহ এলাকায় আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক ইদ্রিস মহাজন ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।”
কুমিরা হাইওয়ে থানার জাকির রব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।