প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে হাতিয়ায় ঢাকেশ্বরী মন্দিরের আদলে একটি আধুনিক ও ঐতিহ্যবাহী মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহ নাওয়াজ।
বুধবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ ঘোষণা দেন।
শাহ নাওয়াজ বলেন, ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। ধর্ম যার যার, উৎসব সবার। হাতিয়ার হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি পূরণে ঢাকেশ্বরীর আদলে একটি পূর্ণাঙ্গ মন্দির নির্মাণ করব। এটি শুধু উপাসনার স্থানই নয়, সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই সবাই মিলেমিশে বসবাস করুক- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান -সবাই এ দেশের সমান নাগরিক।’
মন্দির পরিদর্শনকালে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা তার ঘোষণাকে স্বাগত জানান এবং উদ্যোগটির প্রশংসা করেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ শতাধিক মানুষ এ সময় তার সঙ্গে ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম