প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৪:২৬ PM

তামিলনাড়ুর করুর জেলায় এক ধর্মীয় সমাবেশে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় রাজ্যের রাজনীতি চরমভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সদ্য রাজনীতিতে পা রাখা থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)।
শাসক দল ডিএমকে অভিযোগ করেছে, সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার অভাবেই এই বিপর্যয় ঘটেছে, যার দায়ভার টিভিকে এড়াতে পারে না। পুলিশ ইতিমধ্যে টিভিকের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ঘটনার পরপরই বিজয় দ্রুত চেন্নাই ফিরে যান। তবে রাজ্য প্রশাসন তাকে করুরে যাওয়ার অনুমতি দেয়নি, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিজয় অবশ্য নিহতদের পরিবারকে প্রতি পরিবারে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
টিভিকে পক্ষ থেকে ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, বিজেপির সাবেক রাজ্য সভাপতি কে আন্নামালাই এবং অন্যান্য স্থানীয় বিজেপি নেতারা এই ঘটনায় ডিএমকে সরকারের প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করছেন।
টিভিকে মাদ্রাজ হাই কোর্টে নিরপেক্ষ তদন্তের আবেদনও জানিয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও, রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সরকার বিজয়ের সম্ভাব্য গ্রেফতার নিয়ে কৌশলগত মূল্যায়ন করছে।
বিশ্লেষকদের মতে, বিজয় যদি গ্রেফতার হন, তবে তার প্রতি জনমানসে সহানুভূতির স্রোত বইতে পারে, যা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এ অবস্থায়, তামিল রাজনীতি এখন আদালতের পরবর্তী নির্দেশনার দিকে নজর রেখে অপেক্ষা করছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে