প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পূজামণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করুন, পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। কোনো অপশক্তি যদি উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দিন। পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে।’
ডিআইজির এ পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তুহিন রেজা, পাঁচবিবি থানার তদন্ত ওসি মো. ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. মিজানুর রহমান, জেলা ডিবির ওসি মো. আসাদুজ্জামান।
এছাড়াও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পূজা কমিটির সভাপতি দুলু গোয়ালা, পাঁচবিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা এবং পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ আরও অনেকে।
পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম