প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৩:৩৬ PM

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে ইইউ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে বলে জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীতে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, ইইউ প্রতিনিধি দল একটি মূল্যায়ন মিশন হিসেবে এসেছে এবং কমিশনের সঙ্গে তাদের সমাপনী বৈঠক করেছে। বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও স্পষ্টীকরণ চান, বিশেষ করে নির্বাচনের সময়কার পর্যবেক্ষকদের ভূমিকা ও নিয়মকানুন নিয়ে।
তিনি জানান, ইইউ চাইছে নির্বাচনী তফসিল ঘোষণার সময় থেকে বিভিন্ন ধাপে পর্যবেক্ষক পাঠাতে। সবাই একসঙ্গে না এসে ধাপে ধাপে দল আসবে। মোটামুটি ১৫০ জন পর্যবেক্ষক বাংলাদেশে এসে ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।
ইসি সচিব বলেন, “তারা জানতে চেয়েছেন ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন কি না, ভোট প্রদানের গোপন কক্ষ কীভাবে পরিচালিত হয়, ভোট গণনার সময় তারা উপস্থিত থাকতে পারবেন কি না—এসব বিষয়ে।”
তিনি আরও বলেন, ইইউ একটি খসড়া এমওইউ দিয়েছে। ইসি সেটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি পর্যবেক্ষকদের নাম, পাসপোর্ট তথ্য, ভিসা, নিরাপত্তা ও আবাসন সংক্রান্ত বিষয়ে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ