
আশুলিয়ায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনসহ ৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জামগড়া প্রাইমারি স্কুল, বটতলা ও রূপায়ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- আশুলিয়ার রুপায়ন মাঠ এলাকার ইয়ার হোসেন (২০), জামগড়া এলাকার সোনা মিয়া (৪৫), একই এলাকার আশরাফুল (১৮), বড় বাবু (১৯), আকাশ (১৮) ও ১৭ বছরের এক কিশোর।
যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাতভর পাঁচটি পৃথক অভিযানে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়াসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। ইয়ার হোসেন এবং সোনামিয়া দুজনের নামেই অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা যায়।
যৌথ বাহিনী আরও জানায়, অভিযানে আটককৃতদের হেফাজত থেকে ১৬টি দেশীয় অস্ত্র, ৫টি ধারালো অস্ত্র ও কাঁচি, ৫ পট গাঁজা (মোট ৩০০ গ্রাম), ৪৮টি মোবাইল সিমসহ ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটককৃত ৬ জনকে উদ্ধারকৃত অস্ত্র, গাঁজা ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘দেশীয় অস্ত্র, গাঁজা, মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত সরঞ্জামসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম