প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৩ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ১:৩৬ PM

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং আওয়ামী লীগের নিষিদ্ধঘোষিত সাবেক এমপি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অন্যদিকে, সন্ত্রাস দমন আইনের মামলায় ফয়জুর রহমান বাদলকেও গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানো হবে।’
প্রসঙ্গত, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে এর আগে ধর্ষণ মামলা ও জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ নভেম্বর এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও পরে জামিনে মুক্ত হন।
অন্যদিকে নবীনগরের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের বিরুদ্ধেও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তবে তাঁকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ডিবি এখনো বিস্তারিত জানায়নি।
স্বদেশ প্রতিদিন/এমএম