প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম

নরসিংদীতে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে একের পর এক রোগীর মৃত্যু ঘটায় যখন পরিবারগুলোতে শোকের মাতম চলছে, তখন দায়ীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়ার অভিযোগ তো নেই-ই, উল্টো হুমকি দিয়েছে হাসপাতাল মালিকদের সংগঠন।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মালিকপক্ষ ঘোষণা করেছে, চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা সারা দেশে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেবে। সাধারণ মানুষ এটিকে ভুল চিকিৎসার দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছে।
সাম্প্রতিক সময়ে মাধবদীর একটি হাসপাতালে সিজারের পর মা ও নবজাতকের মর্মান্তিক মৃত্যু, সিটি হাসপাতালে প্রসূতি সোনিয়া আক্তারের মৃত্যু এবং এর আগে শহর ও শিবপুরে একাধিক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব প্রতিটি ক্ষেত্রেই ভুক্তভোগী পরিবারগুলো চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে। ভুক্তভোগী পরিবারগুলো বিচার চাইতে বারবার বিক্ষোভ করলেও কার্যত কোনো পদক্ষেপ চোখে পড়েনি। স্থানীয়দের অভিযোগ, শেষ পর্যন্ত অধিকাংশ ঘটনাতেই অর্থের লেনদেনে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।
সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়ে হাসপাতাল মালিকরা যখন নিরাপত্তার অজুহাতে হুমকি দিচ্ছেন, তখন মানুষ মনে করছেন, রোগীর মৃত্যু নিয়ে জবাবদিহি না করার এটি একটি প্রচেষ্টা। তাদের অভিযোগ, জেলার বহু ক্লিনিক ও হাসপাতাল অনুমোদন ছাড়াই অপ্রশিক্ষিত কর্মী দিয়ে পরিচালিত হচ্ছে এবং একটি প্রভাবশালী সিন্ডিকেট এসব প্রতিষ্ঠানকে রক্ষা করছে। ফলে মৃত্যুর পরও কেউ জবাবদিহির মুখোমুখি হচ্ছে না।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা স্পষ্ট দাবি জানিয়েছেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্ত করে দায়ীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে প্রকৃত সেবা নিশ্চিত করারও দাবি জানান তারা। তাদের মতে, কোনো ঘটনা ঘটলেই 'তদন্ত চলছে' বলে কালক্ষেপণ না করে দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপই পারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে। স্থানীয়রা আরও স্পষ্ট করে বলেন, মানববন্ধনের হুমকি নয়—ভুল চিকিৎসার দায়ে বিচার চায় জনগণ।
স্বদেশ প্রতিদিন/এনআর