প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম

ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখেছেন। তিনি বিশ্বাস করেন, কমিশন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব হবে আইন ও বিধি মেনে কাজ করা। কোনো অবস্থাতেই বেআইনি নির্দেশনা দেওয়া হবে না এবং কারও পক্ষেও কাজ করা যাবে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
সিইসি বলেন, “আমরা পাঁচজন শপথ নিয়েছি। কিন্তু নির্বাচন পরিচালনার দায়িত্ব আপনাদের ওপরই ন্যস্ত। আপনাদের ছাড়া কমিশন কিছুই করতে পারবে না। এই শপথের ভার আপনাদের কাঁধেই বর্তায়, আর আপনারাই হাত তুলে তা গ্রহণ করেছেন।”
তিনি আরও বলেন, “নিয়মিত নানা ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হচ্ছে। বাইরে থেকে হয়তো আপনারা সেসব দেখতে পান না। তারপরও আমরা সামাল দিয়ে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে কাজ করা সহজ নয়।”
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, “আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটি ভালো নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি যুদ্ধ ধরা হয়, তাহলে আপনারা নির্বাচনি কর্মকর্তা হচ্ছেন সেই যুদ্ধের সৈনিক। রাজনৈতিক দলগুলো হচ্ছে প্রধান খেলোয়াড়।
এমসয় তিনি জাতির স্বার্থে সবাই মিলে একটি সুন্দর নির্বাচন আয়োজন করার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/শাহো