প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৫ AM

ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা দুই পরিবারের ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পরিবার দুটির পক্ষ থেকে করা রিট পিটিশনের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ঠেলে দেওয়া ছয়জন কলকাতার বীরভূম জেলার বাসিন্দা এবং ভারতীয় নাগরিক। এর মধ্যে বদু শেখ আদালতে পিটিশন করেন তার মেয়ে সোনালী খাতুন শেখ, মেয়ের জামাই দানিশ শেখ এবং অপ্রাপ্তবয়স্ক নাতিকে ফেরত আনার দাবিতে। অপরদিকে, আমির খান পিটিশন করেন তার বোন সুইটি বিবি, ছেলে কুরবান শেখ এবং ইমাম দেওয়ানকে ফেরত আনার জন্য।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ মে ২০২৫ তারিখের স্মারকলিপিতে থাকা নিয়মগুলো মানা হয়নি। যদিও আদালত তাদের নাগরিকত্বের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, তবে নির্বাসন প্রক্রিয়ায় আইনানুগ পদ্ধতি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে বলে মন্তব্য করে।
উভয় মামলার রায়ে আদালত বলেন, নির্বাসনের ক্ষেত্রে যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল, তাতে সন্দেহের সৃষ্টি হয় যে সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘খুব তাড়াহুড়ো করতে গিয়ে স্পষ্টভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকলিপির বিধান লঙ্ঘন করেছেন।’
সূত্র: দ্য হিন্দু
স্বদেশ প্রতিদিন/ আরএফ