প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম

রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মমতাজ আলী (৯৫) নামের এক বৃদ্ধার মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে রংপুর শহরের পুষ্টি মোড়ে উকিলের বাসায় যাওয়ার পথে তিনি মারা যান।
মৃত মমতাজ আলী মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রুপসি গ্রামের বাসিন্দা। জমি নিয়ে তার তিন ছেলে ও পুত্রবধূদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যার কারণে প্রায় ১৫টি মামলায় তিনি স্বাক্ষী ও আসামি ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে বড় ছেলে আশরাফুল ইসলাম তাকে নিয়ে একটি মামলার বিষয়ে আইনজীবীর সঙ্গে দেখা করতে রংপুরে যাচ্ছিলেন। পথে পুষ্টি মোড়ে সড়ক দুর্ঘটনায় মমতাজ আলী মারা যান বলে দাবি আশরাফুলের।
তবে আশরাফুলের অভিযোগ, তার বাবাকে ছোট ভাই আজিজুল ইসলামের স্ত্রী কোহিনূর বেগমের ভাড়াটে লোকজন মোটরসাইকেল চাপা দিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে। তিনি নিজেও হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে দাবি করেন।
অন্যদিকে, কোহিনূর বেগম দাবি করেছেন, এটি ছিল স্রেফ একটি দুর্ঘটনা। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসাতে হামলার নাটক সাজানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমার শ্বশুর রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন। এই ঘটনাকে ঘিরে আমার ওপর গলা চেপে হত্যার চেষ্টাও হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি বণ্টন নিয়ে মমতাজ আলীর তিন ছেলে ও তাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বড় ও মেঝো ছেলে বাবার পক্ষে থাকলেও ছোট ছেলে আজিজুল এবং তার স্ত্রী বিরোধে জড়িয়ে পড়েন এবং একাধিক মামলায় উভয়পক্ষই হাজতবাস করেন।
মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনাস্থল মিঠাপুকুর থানার বাইরে হলেও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা দাবি করেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, তবে অহেতুক কাউকে হয়রানি না করতেও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম