প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কলেজছাত্রী ফারজানা আক্তার জুঁই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল ‘জুঁই হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড। তারা জুঁইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একাধিক শিক্ষার্থী বলেন, ‘জুঁই আপা আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ছিলেন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী একজন মেয়ে। গভীর রাতে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পরে গুজব ছড়ানো হয় যে, তাকে ‘জীন’ মেরে ফেলেছে। কিন্তু আমরা জানি- এটা সম্পূর্ণ মিথ্যা। তার গলায় ওড়না পেঁচানো ছিল, এটা পরিষ্কারভাবে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’
তারা আরও বলেন, ‘আমরা আজ ন্যায়বিচারের জন্য রাস্তায় নেমেছি। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।’
কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন বলেন, ‘জুঁই আমাদের কলেজের সাবেক ছাত্রী। সে অত্যন্ত ভদ্র ও মেধাবী ছিল। আমরা চাই এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।’
গত শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লাউরফতেহপুর ইউনিয়নের এক পুকুরে কচুরিপানা তুলতে গিয়ে এক ব্যক্তি জুঁইয়ের মরদেহ দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।
ফারজানা আক্তার জুঁই ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচএসসি পাস করে নবীনগর সরকারি কলেজে অনার্সে ভর্তি হয়েছিলেন। তার বাবার নাম আবুল হাসনাত।
স্থানীয়রা দাবি করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার হওয়া জরুরি।
স্বদেশ প্রতিদিন/এমএম