প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি নাটক ও ওয়েব কনটেন্টের পাশাপাশি নিয়মিত হচ্ছেন সিনেমাতেও। সর্বশেষ সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রে অভিনয় শেষ করেছেন তিনি।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের মাঝে ধরা দেন প্রভা।
কথা বলার সময় এক দর্শক প্রভাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ প্রসঙ্গে প্রভা বলেন, “হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। কালকেও একটা দেখেছি। এমনকি ওই আইডি থেকে আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হয়েছে- ‘আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেই আমার নয়।”
প্রভা বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে আমার ছবি বা কাজ দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”
তিনি ভক্তদের প্রতি অনুরোধ করে বলেন, “ভুয়া প্রোফাইল দেখলে যেন তা রিপোর্ট করবেন এবং শুধুমাত্র আমার অফিসিয়াল পেজ বা ভেরিফায়েড আইডিতেই ফলো রাখবেন।”
প্রভার আরো বলেন, “আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। আপনারা দয়া করে বিচার করবেন না।”
এদিনে প্রভার এমন বক্তব্যের পর বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর পক্ষে এবং বিপক্ষে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস