প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৭ AM

সংগৃহীত ছবি
চাটখিল পৌর শহরের সুন্দরপুর বড় বাড়ির আমেরিকা প্রবাসী রফিক উল্লাহ মনুর বাড়ির ভাড়াটিয়া চাটখিল থানার এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক বাসায় থাকার অভিযোগ উঠেছে।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে এই ব্যাপারে রফিক উল্লাহ মনু আমেরিকার এম্বাসির মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত প্রায় তিন বছর পূর্বে চাটখিল থানার এসআই আলমগীর হোসেন আমেরিকা প্রবাসী রফিক উল্লাহ মনুর চাটখিল পৌর শহরের সুন্দরপুর বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। গত কয়েক মাস আগে রফিক উল্লাহ মনু মোবাইলের মাধ্যমে আলমগীরকে বলেন, ‘আমরা পরিবার নিয়ে দেশে চলে আসবো। আপনি আমাদের বাসা ছেড়ে দেন, বাসা আমাদের নিজেদের প্রয়োজন’। এসআই আলমগীর বাসা ছেড়ে না দিয়ে তার সাথে খারাপ আচরণ করেন।
অভিযোগে আরো জানা যায়, এরপর তিনি বিষয়টি চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ও নোয়াখালী জেলা পুলিশ সুপারের নিকট বিষয়টি সম্পর্কে অবগত করেন। তারা আলমগীরকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার আশ্বাস দিলেও এখনো নির্দেশ দেয়নি। এমনকি পুলিশ সুপার ও (ওসি) রফিকউল্লাহ মনুর ফোন রিসিভ করছেন না। তাই তিনি বাধ্য হয়ে এই অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।
চাটখিল থানার এস আই আলমগীরের সাথে কথা বললে- তিনি খারাপ আচরণের কথা অস্বীকার করে বলেন, “আমি ডিসেম্বর পর্যন্ত থাকার জন্য ওনাকে বলেছি।”
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “তিনি ফোন রিসিভ করেননি এটি সঠিক নয়।”
নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্যাহ আল ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি উত্তেজিত হয়ে ধমক দিয়ে ফোন কেটে দেন।
উল্লেখ্য, এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।